
সিলেট সীমান্তে টানা দুই দিনের চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার কসমেটিকস, গরু-মহিষসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর পরিচালিত এসব অভিযানে আটক করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
রবিবার (১ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিভিন্ন প্রকার কসমেটিকস ছাড়াও মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরা আটক করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়। ওই দিনের অভিযানে আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ছিল ১ কোটি ২৩ লাখ টাকা।
অন্যদিকে, ১ নভেম্বর মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া ও উৎমা বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ভারতীয় গরু, কম্বল, মহিষ, চকলেট ও সুপারি আটক করা হয়। এ দিনের অভিযানে আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
দুই দিনের অভিযানে সর্বমোট ১ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে ৪৮ বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]