
জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় হাসপাতালে নেয়ার পথে ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নূরনবী (৬০) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইজিবাইকচালক এনামুল হক (৫৫)। আহত সোহরাব আলীও (৫৬) একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কালাই থেকে কাজ শেষে ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন যাত্রী নূরনবী ও সোহরাব আলী। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে সাইড দিতে গিয়ে পেছনের অংশ দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ও যাত্রীরা পাকা সড়কের ওপর ছিটকে পড়েন।
এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী নূরনবী। অন্যদিকে ইজিবাইকচালক এনামুলের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং যাত্রী সোহরাব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথেই ইজিবাইকচালক এনামুল হকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গেলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে ট্রাক ও ইজিবাইকের দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি খাদে পড়ে আছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]