
সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া চুরি মামলার আসামি আব্দুল মোমিনকে দুই দিন পর গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে হাজতখানায় ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন এসআই, তিনজন এটিএসআই, তিনজন পুরুষ ও দুজন নারী পুলিশ সদস্য রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে হাজতখানায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান আব্দুল মোমিন (২২)। তিনি শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানা থেকে পলাতক চুরি মামলার আসামি আব্দুল মোমিনকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে হাজতখানায় কর্তব্যরত ১০ পুলিশ সদস্যকে ঘটনার দিনই প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানীর সাথে কথা হলে তিনি বলেন, আদালতে হাজিরা থাকায় আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল। এ সময় কোর্ট পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হ্যান্ডকাপ খোলার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় গেটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে হাজতখানা থেকে বেরিয়ে যান মোমিন। পরে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে ঘটনার দিনই থানায় মামলা করা হয়েছে বলে জানান রওশন ইয়াজদানী।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]