কোম্পানীগঞ্জে ১০ দিনে তিন খুন, এবার ভাতিজার হাতে প্রাণ গেল চাচার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২৩:১১
কোম্পানীগঞ্জে ১০ দিনে তিন খুন, এবার ভাতিজার হাতে প্রাণ গেল চাচার
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন রুস্তম আলী (৬০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়া (৩০) আটক হয়েছেন। মাত্র ১০ দিনের ব্যবধানে উপজেলায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের পুরান সড়ক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত রুস্তম আলী দক্ষিণ বুড়দেও গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বিল্লাল মিয়া একই এলাকার মহরম আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুস্তম আলীর পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের ছেলে বিল্লাল মিয়ার বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিল্লালকে ‘পাগল’ বলে গালমন্দ করেন রুস্তম আলী। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়।


বুধবার সকালে রুস্তম আলী বিল্লাল মিয়ার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল ধারালো বটি-দা দিয়ে রুস্তম আলীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তাঁর গলা ও পেটে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত বিল্লাল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বুড়দেও এলাকায় হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বিল্লাল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এদিকে, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


উল্লেখ্য, গত ১০ দিনে কোম্পানীগঞ্জ উপজেলায় বিরোধ ও সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর আগে গত ২৬ অক্টোবর মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে বতুমারা নোয়াগাঁও গ্রামের আক্তার হোসেন (৩০) নিহত হন। এর দুই দিন পর, ২৮ অক্টোবর নাতনিকে গোসল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কোম্পানীগঞ্জ গ্রামের আশিক মিয়া (৬০) প্রাণ হারান।


একই উপজেলায় মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসীন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।


বিবার্তা/জাহিদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com