নাটোরে বাস আটকের জের
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী
প্রিন্ট অঅ-অ+

নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া যাত্রীরা।


পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে রাজশাহীর পরিবহন মালিকরা দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।


জানা যায়, এ বিরোধের সূত্রপাত গত ৩ সেপ্টেম্বর। ওইদিন রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে পৌঁছালে আটকে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি থামিয়ে যাত্রীদের অন্য বাসে তুলে দেয় এবং বাসটি নাটোরে আটকে রাখে। এর জেরে পাল্টা ব্যবস্থা হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়। পরে দুই পক্ষের সমঝোতায় উভয় স্থানের বাস ছেড়ে দেওয়া হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।


সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাজশাহীর শিরোইল, ভদ্রা, তালাইমারি ও রেলগেট এলাকার বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড়। টিকিট কেটেও বাস না পেয়ে অনেককে ফিরে যেতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে টিকিটের টাকা ফেরত নিচ্ছেন।


ভোগান্তির শিকার এক যাত্রী বলেন,আগে থেকেই ঢাকার টিকিট কাটা ছিল। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছি।


আরেক যাত্রী বলেন,জরুরি কাজে ঢাকায় যেতেই হবে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। মালিকদের প্রতি অনুরোধ,দ্রুত সমস্যা মিটিয়ে বাস চালু করুন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বলেন, মালিকদের বিরোধের খেসারত দিতে হচ্ছে সাধারণ শ্রমিক ও যাত্রীদের। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান প্রয়োজন।


এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন,রাজশাহী ও নাটোরের মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com