
আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (৬ জুলাই) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ৩৮ বছর বয়সী এই সাবেক ফাস্ট বোলার।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
কয়েক দিন আগেই শাপুরের শারীরিক অবস্থার অবনতির খবর প্রকাশ্যে আসে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ছিলেন শাপুর জাদরান। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচিত করে তোলার পথে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
গতি, আগ্রাসী মনোভাব এবং লড়াকু মানসিকতার জন্য তিনি সমর্থকদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
গভীর শোক ও দুঃখের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সাবেক আফগান পেসার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছে।
বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড শুরুতেই লিখেছে, শাপুর জাদরান ছিলেন আফগানিস্তান ক্রিকেটের ভিত্তি গড়ে তোলা অন্যতম অগ্রদূত। তার নিষ্ঠা, আবেগ ও অটুট প্রতিশ্রুতি দেশের ক্রিকেটের উত্থান ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আফগানিস্তানের ক্রিকেটযাত্রার শুরুর দিকের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। তার অবদানই আন্তর্জাতিক অঙ্গনে আফগান ক্রিকেটের পথচলাকে সুদৃঢ় করতে সহায়তা করেছে।
বিবৃতি আরও বলা হয়, ক্যারিয়ারের পুরো সময়জুড়ে শাপুর জাদরান সম্মান, সাহস ও গর্বের সঙ্গে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তার অবদান ও সাফল্য আফগান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের জন্য তার নিবেদন ও সেবা কখনোই ভোলা যাবে না।
আফগান তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখানোর কারিগর হিসেবে বিবৃতি উল্লেখ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, ‘মাঠের পারফরম্যান্সের বাইরেও শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা বহু মানুষকে আশা জুগিয়েছে এবং নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে ও আফগান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে উৎসাহিত করেছে।’
একদম শেষে উল্লেখ করা হয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড শাপুর জাদরানের পরিবার, বন্ধু, স্বজন, সাবেক সতীর্থ এবং সমগ্র আফগান ক্রিকেট পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক শোক প্রকাশ করছে। তার এই চলে যাওয়ার শূন্যতা গভীরভাবে অনুভূত হবে। তবে তার স্মৃতি আফগানিস্তানের মানুষ এবং বিশ্ব ক্রিকেটের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।
আল্লাহ তার আত্মাকে চিরশান্তি দান করুন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার সব নেক আমল কবুল করে সর্বোত্তম প্রতিদান প্রদান করুন।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুরের। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ৪৪টি ওয়ানডেতে ৪৩টি এবং ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেন তিনি।
তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাসের বিশ্বকাপের প্রথম জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ব্যাট হাতে শেষ দিকে রানও করেন তিনি। সেই ম্যাচটি আজও আফগান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।
২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শাপুর। মাঠ ছেড়ে দিলেও আফগান ক্রিকেটের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে ছিলেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]