
পিসিবি এবং আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে পাকিস্তানের লাহোরে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দেশে ফিরবেন তিনি।
ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা মানেনি আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে যুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
এই সিদ্ধান্তের পর ঘটনাপ্রবাহ নতুন মোড় নেয়। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। বিষয়টি ঘিরে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। এরই ধারাবাহিকতায় আজ পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসছে আইসিসি।
বৈঠকে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার দিবাগত রাত ১টায় পাকিস্তানের লাহোরে গিয়েছেন। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জরুরি এই বৈঠকে সমসাময়িক পরিস্থিতি ও সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। সভা শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে শুরু থেকেই অন্যায় বলে দাবি করে আসছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রথমে বিশ্বকাপ বয়কটের হুমকিও দেন। পরে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
সেসময় শেহবাজ বলেন, ‘আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়। আমরা খুবই বিবেচনামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত। আমি মনে করি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ছিল উপযুক্ত সিদ্ধান্ত।’
এদিকে সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। তবে ম্যাচটি হবে কি না বিষয়টি এখনও স্পষ্ট নয়। কারণ সরকারের নির্দেশে পাকিস্তান ম্যাচটি খেলবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।
এমতাবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদি পাকিস্তানের অবস্থান বদল হয় এবং তারা ম্যাচ খেলতে রাজি হয়, তখন আবার টিকিট বিক্রি শুরু করা হতে পারে।
ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বড় অঙ্কের আর্থিক স্বার্থ জড়িয়ে আছে। সে কারণেই বিষয়টি দ্রুত সমাধানে আগ্রহী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ধারণা করা হচ্ছে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি না খেললে অন্তত ৬ হাজার কোটি রুপি খরচ হতে পারে আইসিসির।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]