বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করল পাকিস্তান
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৪
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করল পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে আইসিসি কর্তৃক বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে বিশ্বকাপের অন্য সব ম্যাচে খেলবে তারা। এর আগে বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান-এমন গুঞ্জন চাউর হয়েছিল।


রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টা ২৭ মিনিটে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে করা এক পোস্টে বলা হয়, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার জন্য পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে অনুমতি দিচ্ছে পাকিস্তান সরকার। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।’


এর আগে বিশ্বকাপের অফিশিয়াল জার্সি বা কিট উন্মোচনের পূর্বনির্ধারিত অনুষ্ঠানটি শেষ মুহূর্তে বাতিল করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন না হওয়ায় ক্রিকেট মহলে গুঞ্জন আরও জোরালো হয়েছিল, হয়ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নিচ্ছে না।


পিসিবি প্রধান মহসিন নাকভি এর আগে জানিয়েছিলেন যে, শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা আগামী সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন পিসিবি প্রধান।


প্রসঙ্গত, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। নিরাপত্তা শঙ্কার বিষয়টি সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের ভেন্যু পরিবর্তন বা টাইগারদের গ্রুপ পরিবর্তনের আরজি জানিয়েছিল।


তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাফ জানিয়ে দেয়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। পরে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসির বোর্ডসভায় ভোটাভুটিও হয়। সেখানে পাকিস্তান ছাড়া আর কোনো আইসিসি সদস্য বাংলাদেশকে সমর্থন দেয়নি।



এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিবি। পরে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা ভেবেছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিচ্ছে তারা, বয়কট করবে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com