
গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় তৌফিকের গ্রামের বাড়িতে উপস্থিত হন। এ সময় নাহিদ ইসলামসহ এনসিপির নেতৃবৃন্দ নিহত তৌফিকের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের শোক প্রকাশ করার ভাষা নাই। আমাদের লাশের মিছিল বড় হচ্ছে কেবল। জুলাই গণ-অভ্যুত্থানের অনেক শ্রমিক ভাইবোনেরা জীবন দিয়েছেন। ছাত্রদের পক্ষে কিন্তু তারা ঢাকার রাস্তায় দাঁড়িয়েছিলেন সেই সময়। আমরা কিন্তু বলেছিলাম শ্রমিকদের যেটা হক, তাদের যেটা অধিকার। সেটা সরকারে যে থাকে তাকে নিশ্চিত করতে হবে। তারা তো কোনো অন্যায্য দাবিতে আন্দোলনে রাস্তায় নামে নাই। তারা তাদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। সবকিছুর দাম বাড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ছে। তাহলে কেন শ্রমিকদের বেতন বাড়বে না? এই দাবিতে তারা রাস্তায় নামছে। গণতান্ত্রিক ভাবে তারা আন্দোলন করছে।
তিনি আরও বলেন, এই যে তৌফিক ভাই মারা গেলেন। কে মারলেন? কিভাবে মারা গেলেন? এটা উনার পরিবার জানে না। কেউ জানে না। শুধু লাশটা পাইছেন, উনারা জানতে পারলেন যে উনি আর নাই। তাহলে উনার মৃত্যুর দায় কে নেবে? শ্রমিকের লাশ তো দাম আছে। সেই লাশের দাম তো কেবল এক-দুই লাখ টাকা হতে পারে না। একজন মানুষের জীবন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? তৌফিকের সন্তান তাঁর বাবাকে আর কখনো পাবে না। এটা তো কেউ দিতে পারবে না।
অবিলম্বে তৌফিক হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের নাম প্রকাশ এবং তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]