
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক হোসেন। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তার মুখে পড়ে তাঁর পরিবার। ১১ মাসের ছেলে নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছিলেন তাঁর স্ত্রী। এমন পরিস্থিতিতে তৌফিকের স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে লায়লা স্টাইলস লিমিটেড। পাশাপাশি তাঁর সন্তানের দায়িত্ব নেয় গার্মেন্টস কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের বাড়িতে যান লায়লা স্টাইলস লিমিটেডের কর্মকর্তারা। সেখানে তারা এই ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৌফিকের স্ত্রীর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির সিএফও মিন্টু সাহা। সেই সঙ্গে বিক্রি হওয়া বসতভিটার জায়গা ফিরিয়ে নিতে দেওয়া হয় ৬০ হাজার টাকা।
তৌফিক কারখানাটির কাটিং বিভাগে জুনিয়র লে-ম্যান কর্মরত ছিলেন বলে জানান মিন্টু কুমার সাহা। তিনি বলেন, তৌফিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তাঁর পরিবারকে স্বচ্ছল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরে তালহা গার্মেন্টসের সামনে মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীদের মারধরে গুরুতর আহত হন তৌফিক হোসেন। পরে ঢাকায় শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর তিনি মারা যান।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]