সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৩:১৯
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে সবচেয়ে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো মন্তব্য নেই।


বিএনপি পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো ধরনের জুলুম বা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় আসেনি। তাই বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কিছু পরিকল্পনা করছে। এটি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয়। এ প্রক্রিয়ায় বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।


এসময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।


এরপর মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লীমেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন। পরে তিনি বিআরডিবি’র সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান দেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com