
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল শিক্ষক সংগঠন নীল দল বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং শিল্পী সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিরোধিতার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল।
বুধবার (২৮ অক্টোবর) সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. জীনাত হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে জানানো হয়, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে রাতের অন্ধকারে দাফন করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, অপমানজনক ও চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অপশক্তির নানা ভয়ভীতি প্রদর্শন এবং প্রকাশ্যে মাইকযোগে ঘোষণা দিয়ে মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা প্রতিটি স্বাধীনতাপ্রিয় ও আত্মমর্যাদাসম্পন্ন বাঙালিকে ক্ষুব্ধ ও অপমানিত করেছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের চরম নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারের অসহায় নারীদের দিয়ে কবর খোঁড়াতে বাধ্য করার ঘটনা থেকে প্রতীয়মান হয় যে, স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তির লক্ষ্য কেবল মুক্তিযোদ্ধাদের অপমানিত করা নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকেই কবর দেওয়া। ঠিক একইভাবে, ঢাকায় অনুষ্ঠিত শিল্পী সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধা দেওয়া এবং এই স্লোগানকে ‘নিষিদ্ধ স্লোগান’ বলার মতো ধৃষ্টতা প্রদর্শনের ঘটনাও ঘটেছে এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে। মূলত অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, পুনর্লিখন ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নানা অপকৌশল চালিয়ে যাচ্ছে।
দেশীয় ও লোকজ সংস্কৃতির ওপর আঘাত, জাতীয় সংগীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপন, একের পর এক মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর এবং স্বাধীনতাযুদ্ধের স্মৃতিবিজড়িত নিদর্শন ধ্বংস করা—এসবই স্বাধীনতাবিরোধী অপশক্তির ধারাবাহিক তৎপরতার অংশ।
তবে ইতিহাসের গতিপথ কোনো অপশক্তির নতুন কোনো ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়। ‘জয় বাংলা’ কেবল একটি স্লোগান নয়; এটি মুক্তিযুদ্ধের অবিনাশী স্মৃতিধ্বনি, কোটি বাঙালির গৌরবময় আত্মপরিচয়ের চিরন্তন প্রকাশ এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের বিজয়ধ্বনি।
সুতরাং, যারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে, নীল দল অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]