জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ
কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০
কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।


মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তবে প্রসিকিউশন থেকে বাকিদের নাম এখনও প্রকাশ করা হয়নি।


প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। পরে প্রতিবেদনটি যাচাই-বাছাই সম্পন্ন করে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।


এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা, পল্লবীর কিছু এলাকায় প্রায় ৫০-এর বেশি নিরীহ, নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। মোট একটি অভিযোগে কয়েক দিনের ঘটনা বর্ণনা করেছি। এছাড়া ১৯ আসামির প্রত্যেকের আলাদা আলাদা বিবরণ দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com