নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ২৪৩
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ২৪৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলে অন্তত ১ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নেপালেই মারা গেছেন ১ হাজার ২২২ জন। বন্যার এক সপ্তাহ পরও দেশটিতে ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। উদ্ধারকারীরা এখনও বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।


নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে আরও মরদেহ উদ্ধারের পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে। বন্যায় দেশটির কয়েকটি শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছেন।


জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী চিতওয়ান জেলা থেকে ৩৪৮টি, নওয়ালপরাসি ইস্ট থেকে ২১৮টি, নওয়ালপরাসি ওয়েস্ট থেকে ২০৮টি এবং নুয়াকোট থেকে ১৫৫টি মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া রাসুয়া থেকে ১২৭টি, গোরখা থেকে ৬৯টি, ধাদিং থেকে ৬০টি এবং তানাহুন থেকে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। নেপাল সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা হেলিকপ্টার ও স্থলপথে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করেছেন। উদ্ধার ও তল্লাশি অভিযানে প্রায় ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।


অন্যদিকে নেপালের সীমান্তের কাছে তিব্বতের গিরং কাউন্টিতে আঘাত হানা আকস্মিক বন্যায় চীনের অংশে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। সেখানে আরও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com