মুষলধারে বৃষ্টিতে ডুবছে পাকিস্তান: শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১
মুষলধারে বৃষ্টিতে ডুবছে পাকিস্তান: শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ভারী বৃষ্টিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে পানি জমে যায়। পরিস্থিতি বিবেচনায় রাওয়ালপিন্ডির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।


পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লেহ নুল্লা খালের পানি কাটারিয়ানে ২৯ ফুট এবং গাওয়ালমান্ডিতে ২৩ দশমিক ৫ ফুটে উঠেছে। খালটির অববাহিকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার পর কাটারিয়ান ও গাওয়ালমান্ডি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।


পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত সাইদপুরে ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গোলরায় বৃষ্টি হয়েছে ১৫৭ মিলিমিটার।


বোকরায় ৭২ মিলিমিটার এবং এইচ-৮/২ এলাকার আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ের কাছে ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।


এ ছাড়া কাচেরিতে ৭৪ মিলিমিটার, শামসাবাদে ২০১ মিলিমিটার, পির ওয়াধাইয়ে ৮৬ মিলিমিটার এবং নিউ কাটারিয়ানে ১৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে দুই শহরের বিভিন্ন নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়।


বৃষ্টির পর রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়েছে রেসকিউ ১১২২। দুপুরে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।


বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরের ভেতরে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।


শহরটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার।


ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে রাওয়াল বাঁধের পানির উচ্চতা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে। এ কারণে দুপুর ২টায় বাঁধের স্পিলওয়ে খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নাগরিকদের নালা ও জলপ্রবাহের পথের কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


বৃষ্টির কারণে ইসলামাবাদের বিভিন্ন সড়কে যান চলাচলও ব্যাহত হয়েছে। ট্রাফিক পুলিশ গাড়িচালকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হতে বলেছে।


গাড়ির গতি কমানো এবং অন্য গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দৃষ্টিসীমা কমে গেলে ফগ লাইট ব্যবহারের পাশাপাশি নির্ধারিত লেন ধরে চলার নির্দেশ দেওয়া হয়েছে।


সাংবাদিক হামিদ মীর সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে পানিতে তলিয়ে থাকা গাড়ি দেখা যায়।


তিনি জানান, ইসলামাবাদ এক্সপ্রেসওয়ের কয়েকটি অংশ বৃষ্টির পানিতে ডুবে গেছে এবং বেশ কয়েকটি গাড়ি আটকা পড়েছে।


সাবেক জলবায়ুমন্ত্রী শেরি রহমানও একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, বন্যার পানিতে কয়েকটি গাড়ি প্রায় অর্ধেক পর্যন্ত ডুবে আছে।


তিনি বলেন, সোমবার রাত থেকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বৃষ্টি শহর দুটিকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com