সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩
সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বিবৃতি জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।



সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুব আলম ডক্টর মাহবুব আলম প্ৰদীপ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, বাঙালি জাতির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও রক্তদানের ইতিহাসের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এই রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছে ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের আলোকে প্রণীত বাংলাদেশের সংবিধানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। আর এই মৌলিক অধিকার বাস্তবায়নের অন্যতম প্রধান ও সাংবিধানিক মাধ্যম হলো সংসদ নির্বাচন।



সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই জাতির সামনে একটি টেকসই, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কিন্তু আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে, গত ৫ই আগস্ট ২০২৪ সাল থেকে ধারাবাহিকভাবে গণতন্ত্রকে ফ্যাসিবাদে রূপান্তরিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করা হচ্ছে, নাগরিকের বাকস্বাধীনতা সংকুচিত করা হচ্ছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত ও অবমূল্যায়নের চেষ্টা চলছে।



এই ধারাবাহিকতার অংশ হিসেবে গণতন্ত্রকে ধ্বংস এবং রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করে একটি বিতর্কিত নির্বাচন জোরপূর্বক জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। যে নির্বাচনের সঙ্গে জনগণের প্রকৃত মতামত, সকল দলের অংশগ্রহণ কিংবা আন্তর্জাতিক মহলের আস্থা ও গ্রহণযোগ্যতার কোনো সম্পর্ক নেই।



আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং স্বাধীন সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার স্বার্থে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী ও টেকসই করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য নির্বাচন অপরিহার্য। অতএব দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আমরা এই একতরফা ও বিতর্কিত নির্বাচন অবিলম্বে বন্ধ করার জোরালো দাবি জানাচ্ছি।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com