
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবার ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতিতে কোনো পরিবর্তনের বিষয়টি আলোচনায় থাকলেও তা অপরিবর্তিত থাকছে।
তবে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের মানসিক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও বিষয়ভিত্তিক জ্ঞান যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রশ্নপদ্ধতি পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক আলোচনা সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে পবিত্র রমজান মাসে ভর্তি পরীক্ষা আয়োজন না করতে উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইউজিসি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও সমন্বয়ের জন্য একটি বিশেষ সেল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত এ সেলে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
সভায় অংশ নেওয়া এক উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সেলটি গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এটি গঠন করা হলে সারা বছর ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সমন্বয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।
এদিকে, ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রচলিত প্রশ্নপদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
নতুন প্রশ্নপদ্ধতিতে শিক্ষার্থীদের মুখস্থনির্ভর জ্ঞানের পাশাপাশি মানসিক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সংশ্লিষ্ট বিষয়ে অর্জিত জ্ঞান যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে বিষয়ভিত্তিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করেছেন, তা মূল্যায়নের পরিকল্পনা রয়েছে।
তবে নতুন প্রশ্নপদ্ধতির বিস্তারিত কাঠামো কিংবা প্রস্তাবিত সমন্বয় সেল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]