যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে দুই দফা হামলা, নারী-শিশুসহ নিহত ৫৭
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭
যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে দুই দফা হামলা, নারী-শিশুসহ নিহত ৫৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে বিমান হামলায় অন্তত ২৭ জন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতি-নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ।


নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আগস্টে দেশটিতে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এটিকে অন্যতম প্রাণঘাতী ২৪ ঘণ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। শনিবার সানার পূর্বে বানি হুশাইশ জেলার আল-শারিয়া গ্রামে বিমান হামলা চালানো হয়।


হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের বেশির ভাগই নারী ও শিশু। তিনি এ হামলার জন্য সৌদি আরবের যুদ্ধবিমানকে দায়ী করেন।


হামলায় গ্রামের কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলার সময় জরুরি সেবাকর্মীদের ওপরও পরবর্তী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন হুতি কর্মকর্তারা। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


এর আগের দিন শুক্রবার তাইজ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে হুতি-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জানিয়েছে। ওই হামলার দায় নিয়ে দুই পক্ষ পরস্পরকে অভিযুক্ত করেছে। সরকারি নিয়ন্ত্রণাধীন তাইজের কর্তৃপক্ষের দাবি, হুতিরা এ হামলা চালিয়েছে। অন্যদিকে হুতি কর্মকর্তারা এর জন্য সৌদি আরবকে দায়ী করেছেন।


দুই হামলার ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা কঠিন। ইয়েমেনে সাংবাদিকদের চলাচলে বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষও সামরিক অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ দুই পক্ষই নিয়মিত অস্বীকার করে আসছে।


আগস্ট থেকে আবার তীব্র সংঘাত


ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের পরিস্থিতি গত আগস্টে নতুন করে অবনতির দিকে যায়। এর আগে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে সানার বিমানবন্দরে সৌদি আরবের হামলার অভিযোগ তুলে হুতিরা নতুন করে অভিযান শুরু করে। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে।


ইরান-সমর্থিত হুতিরা বর্তমানে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সৌদি আরবের সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। নতুন সংঘাতের মধ্যে হুতিরা লোহিত সাগর উপকূলের আরও কিছু এলাকা দখলে নেওয়ার পাশাপাশি সৌদি আরবের ভেতরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে।


শনিবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, রিয়াদ অঞ্চলের দিকে ছোড়া হুতিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত ও ধ্বংস করেছে। কয়েক মাস ধরে সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ রয়েছে হুতিদের বিরুদ্ধে। এর আগে সৌদি রাজধানীর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ডজনের বেশি মানুষ নিহত এবং কয়েক শ আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব অভিযানের লক্ষ্য হুতিদের সামরিক অবকাঠামো ধ্বংস করা। তবে নতুন করে সংঘাত শুরু হওয়ার পরও উত্তর ইয়েমেন ও লোহিত সাগর উপকূলে হুতিদের নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে কমেনি।


মানবিক সংকটের আশঙ্কা


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, অক্টোবরের শেষ নাগাদ আগস্ট থেকে শুরু হওয়া নতুন সংঘাতে প্রায় এক হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখের বেশি মানুষ। দেশটির হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দিয়েছে বলে সতর্ক করেছে ত্রাণ সংস্থাগুলো।


তাইজ শহরকে ঘিরে সংঘাত পরিস্থিতি আরও উদ্বেগজনক। শহরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও হুতিদের অবরোধ ও চলাচলে বিধিনিষেধের কারণে বাসিন্দাদের খাবার ও বিশুদ্ধ পানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। ভারী লড়াইয়ের পাশাপাশি খাদ্য ও চিকিৎসার অভাবে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।


জাতিসংঘ বারবার সতর্ক করে বলেছে, ইয়েমেনে সংঘাত আবারও এক দশক আগের পরিস্থিতির দিকে ফিরে যাচ্ছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করলে যুদ্ধের সূত্রপাত হয়। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থন দিয়ে সামরিক অভিযান শুরু করে। দীর্ঘ এই যুদ্ধে সহিংসতার পাশাপাশি ক্ষুধা ও রোগে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের হিসাবে, ইয়েমেনের গৃহযুদ্ধে অন্তত দেড় লাখ মানুষ সরাসরি নিহত হয়েছেন।


সর্বশেষ হামলার পর হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি নারী ও শিশুহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এতে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com