
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক করা হলেও, বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
সঠিক তদারকি, মনিটরিং এবং শিক্ষকদের উদাসীনতার কারণে সরকারি স্কুলগুলোর প্রতি অভিভাবকদের আস্থা দিন দিন কমে যাচ্ছে।
যার ফলে নিম্নবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষও এখন বাধ্য হয়ে হাজার হাজার টাকা খরচ করে সন্তানদের প্রাইভেট বা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করাচ্ছেন।
তথ্য অনুসন্ধানে ও স্থানীয় সচেতন মহলের সাথে কথা বলে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে আগের মতো পড়ালেখার পরিবেশ আর নেই।
ক্লাসে শিক্ষকদের পাঠদানে আন্তরিকতার অভাব এবং নিয়মিত মনিটরিং বা পরিদর্শনের ঘাটতি থাকায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
অনেক শিক্ষক দায়িত্ব পালনে অবহেলা করলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের কঠোর তদারকি না থাকায় একধরনের জবাবদিহির সংকট তৈরি হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, বেসরকারি স্কুলগুলোতে যেভাবে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত পরিচর্যা ও নিয়মিত খোঁজখবর নেওয়া হয়, সরকারি বিদ্যালয়ে তার চরম ঘাটতি রয়েছে।
একটি শিশু যখন প্রাথমিক স্তর থেকেই সঠিক শিক্ষা ও পরিচর্যা থেকে বঞ্চিত হয়, তখন তার পুরো ভবিষ্যৎ জীবনই বিপন্ন হয়ে পড়ে।
প্রশ্ন উঠেছে, যেখানে হাজার হাজার টাকা খরচ করে অভিভাবকরা কিন্ডারগার্টেন বা প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন, সেখানে সরকারি স্কুলগুলো কেন আজ অবহেলার পাত্র হয়ে দাঁড়াল? কেনই বা মেধাবী বা সাধারণ শিক্ষার্থীরা সরকারি স্কুল বিমুখ হয়ে পড়ছে?
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই করুণ দশা থেকে উত্তরণে এখনই সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিদ্যালয়গুলোতে নিয়মিত আকস্মিক পরিদর্শন, শিক্ষকদের পাঠদানের মান মূল্যায়ন, জবাবদিহি নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবক নিবিড় যোগাযোগ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার হার ও মান পুনরুদ্ধার করা সম্ভব।
বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে সরকারি প্রাথমিক শিক্ষা নিয়ে মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তা দীর্ঘমেয়াদে জাতির মেধা বিকাশে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তাই শিশুদের ভবিষ্যৎ রক্ষার্থে অতি দ্রুত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন দেশবাসী ও সচেতন মহল।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]