প্রকাশ্যে মিছিল করায় ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:০৭
প্রকাশ্যে মিছিল করায় ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজবাড়ীর পাংশায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে ছাত্রলীগের পাঁচ সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।


রবিবার (৮ নভেম্বর) ভোরে ও গত শুক্রবারের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন-সালেক প্রামানিকের ছেলে সাইফুল প্রামানিক (২০), আমজাদ প্রামানিকের ছেলে ইরান প্রামানিক (২২), রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০), ফজলুল হক শেখ এর ছেলে মো. রাব্বি হোসেন (২২), মো: রাজু শেখ এর ছেলে মো. সুহান শেখ (২৩)।সবার বাড়িই রাজবাড়ী জেলার পাংশা থানায়।


পুলিশ জানায়, গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে একটি মিছিলে অংশ নেন ওই আসামিরা।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিরা বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলো।


উল্লেখ্য, গত ৭ নভেম্বর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনায় নিজের মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে ৫০ থেকে ৭০ জন নেতা কর্মীকে মিছিলে দেখা যায়।


এদিন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছাত্রলীগের সাবেক এই নেতা মিছিলের কিছু ছবি ভিডিও শেয়ার করেন।সেখানে তিনি লেখেন এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা তাঁর বাম পাশে আমার বাড়ী। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দিবে।


অনেকদিন পর হাঁটতে পারছি। আমার ও আমার পরিবার কে মব করে ২০২৫ সালে জানুয়ারিতে পঙ্গু করা হয় বিশেষ করে আমাকে। তারপরও শত থ্রে*ট, কয়েকবার হা*মলা আর চাঁদার টাকা। আমি নিজে হাঁটতে পারেনি প্রায় দেড় বছরের বেশি। এখনও আমার পা সুস্থ নয়। কিন্তু আমাদের কে শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুট*পাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন জবাব একদিন দিতে হবে। পা কিছুটা ভালো হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে। বড় কিছুর অপেক্ষায় আছি। আমাকে দমানো যাবে না....।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com