
রাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সোহাগ পরিবহনের একটি বাসে আগুনের এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পেছনের দিকে সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]