বেড়া থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৫
বেড়া থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।


আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার (২৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের নেতাকর্মীদের নিয়ে একটি মশালমিছিল বের করা হয়। যুবলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিলটি ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে গালিগালাজ ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে থানায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ সময় আগের রাতে গ্রেফতার হওয়া মহিলা আওয়ামী লীগের চার কর্মীকে ভোর ৬টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেওয়া হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।


পরে মিছিলকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়াম এলাকায় গিয়ে মশালমিছিল ও অগ্নিসংযোগ করেন। এ সময় পাবনা-ঢাকা রুটে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন।


স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল ৪টার পর মহিলা আওয়ামী লীগের কয়েকজন কর্মী মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে চার নারী কর্মীকে গ্রেপ্তার করে। এর জের ধরেই ভোরে থানায় হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।


এদিকে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শহীদ খালেক স্টেডিয়ামের সামনে জড়ো হন। সেখানে তারা নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।


এর আগে গত ১৯ থেকে ২১ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।


বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ভোররাতে একটি মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। জানমাল রক্ষায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাতে গ্রেফতার হওয়া চার নারীর বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com