
নরসিংদীতে ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক তিনটার দিকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অপরদিকে একই সময়ে আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিস ও জঙ্গী শিবপুর বাজারে দুটি ককটেল বিষ্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তাছাড়া লকডাউন কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতের আঁধারে মশাল মিছিল বের করা হয়। এসব কর্মসূচি ও সহিংস ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তর বাখরনগর গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদিন জানান, রাত ২টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]