৪৬তম বিসিএসে ১৪১৬ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:০২
৪৬তম বিসিএসে ১৪১৬ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।


রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৫ মার্চ ও ২১ মে ২০২৬ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে তারা নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।


বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণও নিতে হবে।
নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল আরো দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।


বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাদের চাকরি স্থায়ী করা হবে।


প্রজ্ঞাপনে আরো বলা হয়, চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ ও প্রদান না করার অঙ্গীকারনামা দিতে হবে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণীও জমা দিতে হবে। নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তার নিয়োগ আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ পরবর্তী যাচাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি ফৌজদারি মামলা করা হবে।


নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com