
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। সত্যতা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতিই ধর্মের মূল শিক্ষা। বাংলাদেশ সবার মাতৃভূমি। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলাদেশি। দেশের প্রতি সবার সমান অধিকার ও দাবি রয়েছে, এখানে কোনো ভেদাভেদ নেই।
রবিবার (২৯নভেম্বর) সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বার্ষিক আবির্ভাব উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পাশে থেকেছেন। বিগত নির্বাচনে তাঁদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতেও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন। রাজনৈতিক বক্তব্য দিতে চান না উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিশ্বাস ছিল সনাতন ধর্মাবলম্বীরা পাশে আছেন, এখন সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে এবং ভবিষ্যতেও তাঁরা পাশে থাকবেন বলে আশা করেন।
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, দেশ কিন্তু সবার।’ এই বাংলাদেশ সবার মাতৃভূমি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছেন, অনেকে শহীদ হয়েছেন। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আহম্মদসোহেল মনজুর বলেন, এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই দেশের মাটির মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্যের সমান দাবিদার। কারও মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে তাঁদের দলের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন। দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবেও তাঁদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে তাঁরা সব সময় সচেষ্ট থাকবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ প্রমুখ।
বিবার্তা/রবিউল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]