
রাজধানীর কাফরুলে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের ছোড়া রাবার বুলেটে হাওয়া বেগম (২৭) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কাফরুলের প্রিন্স বাজারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত হাওয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত হাওয়া বেগম জানান, তিনি মিরপুর-১৩ নম্বর সেকশনের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। ওই এলাকাতেই তার বাসা। বুধবার সকাল ৮টার দিকে তারা কারখানায় কাজে যোগ দিতে যান। তবে কেউ কাজে যোগ না দিয়ে কিছুক্ষণ পর চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে অংশ নিতে সড়কে বেরিয়ে আসেন।
তিনি জানান, এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা শ্রমিকদের মারধর শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে। এতে একটি রাবার বুলেট তার ডান হাতে বিদ্ধ হয়।
পরে সহকর্মীরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, পোশাক শ্রমিক হাওয়া বেগমের হাতে একটি রাবার বুলেট লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বের করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার অবস্থা গুরুতর নয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]