
গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে জেলার চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চন্দ্রার হাজীবাড়ী এলাকায় সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। রাত ১১টার দিকে হঠাৎ ভ্যানের সামনে থেকে আগুন ও কালো ধোঁয়া উড়তে দেখেন পথচারীরা। এ সময় তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এদিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালিয়ে রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করেন।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েক ঘণ্টা পর কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে আবারও একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। আমাদের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে ফোনকল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]