
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের বাহিনীর সম্পৃক্ততা আছে বলে অভিযোগ সুলতান ইকরামের স্ত্রীর।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে ঘটে এ হামলার ঘটনা।
গুলিবিদ্ধ সুলতান ইকরাম নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুলতান ইকরামের স্ত্রী সূচির অভিযোগ করেন, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে গিয়ে তার স্বামীকে গুলি করেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুটি মোটরসাইকেলে পাঁচজন দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে গ্রেফতার করেছিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]