যাত্রাবাড়ী-মালিবাগ-বাংলা কলেজে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৬
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০০:৪৯
যাত্রাবাড়ী-মালিবাগ-বাংলা কলেজে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীতে যাত্রাবাড়ী চৌরাস্তা, মালিবাগ মোড় ও মিরপুরের সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।


সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মালিবাগে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।


এদিকে, রাত সোয়া ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ককটেল নিক্ষেপের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।


এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


ঘটনাস্থলে থাকা গোয়েন্দা সূত্র জানায়, সন্ধ্যা ৮টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন কাজী টাওয়ারের কাছে ধোলাইপাড় থেকে আসা মূল সড়কের মাঝ বরাবর ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়।


এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।


এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মালিবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেল থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষেপ করা ককটেলটি শান্তিনগর ফ্লাইওভারের ঢালের পাশে বিস্ফোরিত হয়।


এদিকে, রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কলেজের ফটকের পাশে দু-একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।


তবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কলেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটলেও অগ্নিকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আনুমানিক ঘণ্টাখানেক আগে মিরপুর-১ নম্বরে ককটেল নিক্ষেপের সময় একজনকে গ্রেফতার হয়েছে।


সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণসহ রাজধানীর অন্য ঘটনাগুলোতেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com