মির্জাপুরে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০১:১৭
মির্জাপুরে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।


সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক তপন সরকারের বিরুদ্ধে সম্প্রতি বিদ্যালয়ের একাধিক ছাত্রীর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।


ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়। তাঁরা এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন।


অভিযোগের বিষয়ে শিক্ষক তপন সরকার বলেন, প্রথম যে অভিযোগটি করা হয়েছিল, সেটি সঠিক। তবে পরবর্তী অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এর বেশি কিছু বলার নেই।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার জানান, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল। তখন অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করেন।


এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয়দের মারধরের পর অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। শিক্ষা অফিস থেকে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়রা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com