
টাঙ্গাইলের ঘাটাইলে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ভেকু দিয়ে কারখানাটির সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঘাটাইল উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.এমরান আলী অভিযানে অংশ নেন। এ সময় ভেকু দিয়ে কারখানাটির সব স্থাপনা ভেঙে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে কারখানার মালিক বা স্বত্বাধিকারী কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা বা মামলা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযানে এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ঘাটাইল থানা-পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ রোধে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]