
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলাকার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির খাদ্য বিতরণের নথিপত্র যাচাই করে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এ ঘটনায় খাদ্যগুদামের কার্যক্রম নিয়ে তদন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছে দুদক।
দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সোয়া ১২টা থেকেবিকেল ৩টা পর্যন্ত দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা ও যাচাই করা হয়। এ সময় বেশ কিছু নথিতে অসংগতি ধরা পড়ে।
দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, বুধবার দুপুরে আমরা দৌলতপুর খাদ্যগুদামে অভিযান চালায়।
অভিযানকালে খাদ্যগুদামের নানা বিষয় নিয়ে তদন্ত করা হয়। এ সময় বেশ কিছু নথিপত্রে অসংগতি পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।
সম্প্রতি দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়ম এবং চাল চুরির অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
সংবাদে খাদ্যগুদামের চাল বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থায় বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে সোমবার সকালে এক আদেশে দৌলতপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
দুদকের অভিযানের বিষয়ে কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান জানান, সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]