যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭
যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই যুবক। তাই দেশ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।


রবিবার (১ নভেম্বর) সকালে পবা ও মোহনপুর উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের রাখাল রাজা ও মহান দার্শনিক। তাঁর মধ্যে অগাধ দেশপ্রেম ছিল। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে তিনিই প্রথম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেন এবং ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়তে যুব সমাজকেই প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন।


তিনি বলেন, অর্থনীতি চাঙ্গা করতে খাল কাটা, গাছ লাগানো, মাছ চাষ এবং গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের মতো কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।


আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করতে পছন্দ করেন এবং যুব সমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়। দক্ষ যুবকদের সরকারিভাবে পুরস্কৃত করা হচ্ছে। গত বছর মোহনপুরের একজন পুরস্কার পেয়েছিলেন, আজকেও একজন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন।


সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পবা ও মোহনপুরের ইউএনওসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দেন এমপি।


দিবসটি উপলক্ষে দুই উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে যুবদের মাঝে যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।


মোহনপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকসহ অন্যান্যরা। পবার অনুষ্ঠানে ছিলেন ইউএনও ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার ওসি আব্দুল মতিন ও যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও নেতাকর্মীরা।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com