
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার বছরের শিশু ছেলেসহ এক বাবা নিহত হয়েছেন ।
দুর্ঘটনার সময় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় আরও অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম
এর আগে ভোর সাড়ে ৪টার দিকে বন্দরের কেওডালা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল (৪)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তার ছেলে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সংঘর্ষে আরও চার থেকে পাঁচজন আহত হন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর সিমেন্টবোঝাই ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও বাসচালক পালিয়ে গেছেন।
নিহত বাবা-ছেলের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]