আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫০
আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লালমনিরহাটের আদিতমারীতে সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলা ও সংঘর্ষে প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।


জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ব্যাহত হচ্ছিল। বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা।


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুনরায় যোগ দিতে এলে প্রতিপক্ষ ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী আহত হন।


খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়। পরে তিনিও ঘটনাস্থলে যান। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com