
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ওমর আলী নিখোঁজ ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, তিনি পানিতে পড়ে থাকতে পারেন। এরপর তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেন।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় পুকুর থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, ‘সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি রংপুরে জানানো হয়। পরে বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়।’
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, প্রাথমিক সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]