
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের সময় চার কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), একই জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার বড় ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও ছোট ছেলে মো. রাহান (১৩) এবং কুমিল্লা জেলার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি সূত্র জানায়, ভোর ৫টার দিকে শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্ত মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাতজন কিশোর অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালান। বিজিবি টহল দল বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে চারজনকে আটক করা সম্ভব হলেও বাকি তিনজন পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। আটক কিশোরদের সকালে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, বিজিবি চার কিশোরকে আটক করে থানায় সোপর্দ করেছে এবং তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করা সম্ভব হলেও তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]