দৌলতপুরে বিএনপি নেতাসহ গ্রেফতার ১৮
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৫
দৌলতপুরে বিএনপি নেতাসহ গ্রেফতার ১৮
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে চরাঞ্চলের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীর সদস্য টুয়েল এবং বিএনপি নেতাসহ ১৮ জন গ্রেফতার হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযানে চরাঞ্চালের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীর সক্রিয় সদস্য জোড়া খুনসহ একাধিক মামলার আসামি টুয়েল এবং মরিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়ার আসর থেকে গ্রেফতার হওয়া মনি ফরাজী মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঝালু ফরাজীর ভাই এবং সন্ত্রাসী টুয়েল একই এলাকার আলাই ফরাজীর ছেলে।


পুলিশের দাবি, টুয়েল সন্ত্রাসী কাকন বাহিনীর সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে জোড়া খুনসহ বিভিন্ন অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন, ৬ বোতল স্কাপ কফ সিরাপসহ একজন, জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা মনি ফরাজিসহ ৭ জন, মাদক সেবনের অভিযোগে দুজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন এবং সন্ত্রাসী টুয়েলসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়।


মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, রাতে পুলিশের অভিযানে ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী এবং সন্ত্রাসী কাকন বাহিনীর সদস্য টুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে প্রায় ৮০ জন পুলিশ সদস্য নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অভিযান জোরদার করা হয়। উপজেলার আদাবাড়িয়া, প্রাগপুর, রামকৃষ্ণপুর, মথুরাপুর, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীর সক্রিয় সদস্য ও জোড়া খুনসহ বিভিন্ন মামলার আসামি টুয়েলও রয়েছে। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষ করে আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com