লালমনিরহাটে নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৭
লালমনিরহাটে নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘প্রতিশ্রুতি নয়, দাবি একটাই, বাস্তবায়ন চাই’ এই প্রত্যাশায় লালমনিরহাটের পাটগ্রামে নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বুড়িমারী-ঘুণ্টি বাজার এলাকায় আমানতুল্লাহ প্রধান স্কুল অ্যান্ড কলেজ, স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


সম্প্রতি বুড়িমারী-ঘুণ্টি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে উপজেলার ঘুণ্টি বাজার এলাকায় বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম।


ওই ঘটনায় চারজন নিহত হয়। নিহতরা হলেন- উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ফাতুল ইসলাম (৩৫), মোস্তাকিম হোসেন (১৮) এবং ইসলামপুর এলাকার নুর আমীন (৩০)।


এ ছাড়া আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আনোয়ার হোসেন (১৬)। সে বুড়িমারী আমানতুল্লাহ প্রধান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।


দুর্ঘটনায় আহতরা হলেন, ঘুণ্টি বাজারের জফর উদ্দিন (৬০) ও বাদশা মিয়া (৫৫), উফারমারা এলাকার দোকানদার মিশন ইসলাম (২০) ও সাইফুল ইসলাম (৩২), ইসলামপুরের আইনুল হক (৬৫) এবং বুড়িমারীর দিপু ইসলাম (৩০)।


আহতদের পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছিল বলে জানা যায়।


মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িমারী-ঘুণ্টি মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে চালক ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সড়কে আইন ও বিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।


মানববন্ধনে গত ২৮ সেপ্টেম্বরের দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনায় আর কোনো মায়ের বুক খালি হোক, এমনটা কেউ চান না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


তারা বলেন, ‘নিরাপদ সড়ক চাই, আর কোনো প্রাণহানি নয়। নিরাপদ সড়কই পারে নিরাপদ জীবন নিশ্চিত করতে।’ পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করা হয়। মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com