
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু জবাই করে বৌভাতের আয়োজনের অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গরুর মাংস জব্দ করা হয়েছে। এতে বিয়ের অনুষ্ঠানটি ভণ্ডুল হয়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বার্না চন্দ্র শেখর (বকশিচর) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রফিকুলের ছেলে সোহানের সঙ্গে গতকাল শুক্রবার উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে সম্পন্ন হয়। আজ শনিবার দুপুরে সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে রফিকুল একটি গরু জবাই করেন।
এদিকে, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম মাস্তা (ফাঁসিতলা) গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। শনিবার সকালে শহিদুল ইসলাম বাড়ির পাশে চাষের জমিতে গরুর পায়ের ছাপ অনুসরণ করে রফিকুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়। পরে জবাই করা গরুর মাথা ও চামড়া দেখে নিজের গরু বলে শনাক্ত করেন।
এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলামের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে শহিদুলের ভাতিজা আনারুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে শহিদুল ইসলাম ফোনে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বর সোহান ও তার ভাই রাব্বি পালিয়ে যান। এ সময় রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেই সঙ্গে জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]