
মুখ ঢেকে রেললাইনের পাশে নির্জন স্থানে বসেছিলেন এক নারী। লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাছে আসতেই হঠাৎ লাইনে উঠে পড়েন তিনি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেও এখনো শনাক্ত হয়নি তার পরিচয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে লালমনিরহাট স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পূর্ব দৌলজোর এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পূর্ব দৌলজোর এলাকায় পৌঁছায়। এর কিছুক্ষণ আগ থেকেই ওই নারী মুখ ঢেকে রেললাইনের পাশের একটি গাছের নিচে নির্জন স্থানে বসেছিলেন। ট্রেনটি কাছাকাছি আসা মাত্রই তিনি হঠাৎ লাইনে উঠে পড়েন। এসময় চলন্ত ট্রেনের প্রচণ্ড ধাক্কায় তার শরীর বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর ট্রেনটি কিছুক্ষণের জন্য থামলেও পরে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ট্রেনের ধাক্কায় তার চেহারা সম্পূর্ণ বিকৃত ও ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে চেনার কোনো উপায় নেই। তবে ধারণা করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং বিবাহিত বা মধ্যবয়সি কোনো নারী। ঘটনাস্থলে তার হাতের ভাঙা শাখা পড়ে থাকতে দেখা গেছে এবং তার হাতের আঙুলে আলতা দেওয়া ছিল।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের পরিচয় ও ওয়ারিশ শনাক্তের চেষ্টা চলছে। যদি পরিচয় শনাক্ত করা সম্ভব না হয়, তবে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]