চলন্ত বাসে ফুটফুটে সন্তানের জন্ম, নাম রাখা হলো আনাস
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০৮
চলন্ত বাসে ফুটফুটে সন্তানের জন্ম, নাম রাখা হলো আনাস
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজের চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮) নামে এক নারী।


বুধবার (৩০ সেপ্টেম্বর) রংপুরের মিঠাপুকুর এলাকায় বাস চলার সময় প্রসববেদনা উঠলে সহযাত্রী এক ধাত্রীর সহায়তায় বাসের ভেতরেই সন্তানের জন্ম দেন তিনি।


মা ও নবজাতক সুস্থ থাকায় ঘটনাটি আনন্দে পরিণত হয়। পরে বাসের সুপারভাইজারের উদ্যোগে যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই ঘটনার পর শিশুটির জন্য উপহার সামগ্রী পাঠানোর পাশাপাশি আজীবন বাসে বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দিয়েছেন আনাস এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব দিপু সাহেব। একই সঙ্গে শিশুটি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার মা ও শিশুর ফ্রি যাতায়াতের ব্যবস্থার কথাও জানানো হয়েছে।


আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া নবজাতকের বাড়িতে গিয়ে উপহার হিসেবে একটি দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী তুলে দেন।


জানা গেছে, গত শনিবার ভোররাতে ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায় আনাস এন্টারপ্রাইজের বাসটি। রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে বাসে থাকা অন্তঃসত্ত্বা আবিদা বেগমের প্রসববেদনা শুরু হয়। পরে বাসটি থামিয়ে সহযাত্রী এক ধাত্রীর সহায়তায় বাসের ভেতরেই তিনি ছেলে সন্তান প্রসব করেন। শিশুটির জন্মের পর বাসের সুপারভাইজার মজনু মিয়া বিষয়টি কর্তৃপক্ষকে জানান এবং তাৎক্ষণিকভাবে যাত্রীদের মিষ্টিমুখ করান।


আবিদা বেগমের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে। তিনি ওই গ্রামের আবেদ আলীর মেয়ে। আবিদার বাবা-মা ও স্বামী ঢাকার জিরানী এলাকায় বসবাস করেন। আবিদার স্বামী একটি বেসরকারি গার্মেন্টসে চাকরি করেন।


পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় আবেদ আলী তার স্ত্রী, মেয়ে আবিদা ও এক নাতিকে নিয়ে ঢাকার জিরানী থেকে গ্রামের বাড়ি রমনীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে মিঠাপুকুর এলাকায় বাসের মধ্যেই আবিদার সন্তান প্রসব হয়।


বাসের নামের সঙ্গে মিল রেখে পরিবারের সদস্যরা নবজাতকের নাম রেখেছেন আনাস হাসান। খবরটি ছড়িয়ে পড়ার পর নবজাতক ও তার মাকে দেখতে গ্রামের বাড়িতে স্থানীয়দের ভিড় জমে।


আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া বলেন, ‘ঢাকার জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেছিলেন। রাত ৩টার দিকে মিঠাপুকুর এলাকায় তার প্রসববেদনা ওঠে। পরে বাসের মধ্যে সন্তান জন্ম নেয়। বিষয়টি মালিককে জানালে তিনি শিশুটির জন্য আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা দেন।’


নবজাতকের বাবা আবেদ আলী বলেন, ‘চিকিৎসক জানিয়েছিলেন, সন্তান প্রসব হতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে। তাই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে বাসে উঠেছিলাম। কিন্তু পথে বাসের মধ্যেই ছেলে সন্তান জন্ম নেয়। মা ও নাতি দুজনেই সুস্থ আছে। বাসের মধ্যে জন্ম নেওয়ায় বাসের নামের সঙ্গে মিল রেখে নাতির নাম আনাস হাসান রেখেছি।’


ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, ‘ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। বর্তমানে প্রসূতি ও তার সন্তান আনাস হাসান দুজনেই সুস্থ রয়েছেন।’


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com