
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ঢাকা ইপিজেড ও বলিভদ্র এলাকায় আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ অন্তত ৪জন হকার আহত হয়েছেন বলে দাবি করেছেন হকাররা। এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ইপিজেড ও বলিভদ্র এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় হকারদের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকার ফুটপাতের পাশে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি ঢাকা ইপিজেডের আনসার সদস্যরা তাদের সেখানে ব্যবসা করতে বাধা দিয়ে আসছেন। এ নিয়ে কয়েকদিন ধরে হকারদের সঙ্গে আনসার সদস্যদের বিরোধ ও উত্তেজনা চলছিল।
হকারদের দাবি, পথচারীদের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রেখে তারা ব্যবসা পরিচালনা করতে চেয়েছিলেন। তবে রবিবার সকালে ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিতে আনসার সদস্যরা গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
হকারদের অভিযোগ, সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৪জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষের পর হকাররা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করলে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
হকারদের কয়েকজন অভিযোগ করেন, তাদের কাছে আনসার সদস্যদের পক্ষ থেকে চাঁদা দাবি করা হয়েছিল এবং চাঁদা দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করেই তাদের ওপর হামলা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে আনসার সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]