ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল পালকী পরিবহনের একটি বাস। বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে।


এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন।


খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।


দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।


ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।


শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com