
মানিকগঞ্জের সিংগাইরে নারী গণধর্ষণ ও দুই বছর চার মাস বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। গণধর্ষণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে শিশুধর্ষণের অভিযোগে নীরব (১৮) নামে শিশুটির চাচাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বলধারা ইউনিয়নের তেলীখোলা গ্রামের ফরশেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গণধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
থানা সূত্রে জানা যায়, বলধারা ইউনিয়নের ২৩ বছর বয়সী এক নারী গত ২১ সেপ্টেম্বর রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় বাড়ির অদূরে টিউবওয়েলের পাশে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে অনুসরণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে তারা তাকে মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পূর্বদিকে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর ওই নারীর হাত-পা বেঁধে ও মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ফেলে যায় অভিযুক্তরা। পরে তার চাচা-শ্বশুর তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। অভিযুক্তদের সবার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল বলে ওই নারী পুলিশকে জানিয়েছেন। তাদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছর।
এ ঘটনায় অসুস্থ হয়ে ২২ সেপ্টেম্বর তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে তাকে পুলিশ হেফাজতে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
অন্যদিকে, তেলীখোলা এলাকায় দুই বছর চার মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নীরবের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নীরব শিশুটিকে দাদার বাড়িতে নিয়ে যান। দুপুরে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে নীরবকে ঘর থেকে বের হতে দেখেন। পরে শিশুটির শারীরিক ও আচরণগত অবস্থায় সন্দেহ হলে পরিবারের সদস্যদের জানান।
শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম পিপিএম বলেন, ভিকটিমকে পুলিশ হেফাজতে ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]