
লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের টাকা জোগাড় করতেই তিনি চুরি করেছেন।
গ্রেফতার আব্দুল মালেক উপজেলার দক্ষিণ দলগ্রাম ঘাটেরপাড় মাস্টারপাড়া এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদিদোকানে চুরি হয়। চুরির পুরো ঘটনা উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সিসিটিভি ফুটেজটি কালীগঞ্জ থানা-পুলিশকে দেন।
ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হয়। এরই মধ্যে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে মালেক নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতেই চুরি করেছেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর কাছ থেকে চুরি যাওয়া মালামালের একটি ছাতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় চুরির মামলা করা হয়েছে। গ্রেফতার মালেককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]