
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকায় একটি পুকুর থেকে কালু মিয়া (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে কালু মিয়ার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া ইউনিয়নের কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় তার সঙ্গে মাছ ধরতে যাওয়া বাদশা মিয়া (২১) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত কালু মিয়ার বাবা মন্টু মিয়া বলেন, রোববার সকালে মাছ ধরার জন্য কালু বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। সোমবার সকালে তারা জানতে পারেন, নলিয়ারপাড়ের একটি পুকুরে কালুর মরদেহ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই ঘটনায় বাদশা মিয়াকে আটক করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি মো. নুরুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]