
শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় আগুনে চারটি পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোররাতে একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় পরিবারের সদস্যরা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, মোছা. হাসিনা বেগমের ৫ লাখ টাকা, মো. শফিকুল ইসলামের ৮ লাখ টাকা, মো. সমেজ উদ্দিনের ৫ লাখ টাকা এবং মো. মুফাজ্জল মিয়ার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, ভোর চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]