
পঞ্চগড়ে তরুণীসহ আটকের ঘটনায় স্থানীয়দের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি, টাকা দাবি এবং ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার অভিযোগ করেছেন সুগার মিল জামে মসজিদের খতিব শহিদুল ইসলাম। একই অভিযোগ করেছেন তার সঙ্গে থাকা ওই তরুণী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার মাগুরাপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে তারা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ও ওই তরুণী জানান, মঙ্গলবার সকালে তরুণী তার স্বামীর জন্মনিবন্ধনের কাগজপত্র সংশোধনের জন্য ঢাকা থেকে পঞ্চগড়ে আসেন। ওই দিন কাজ শেষ না হওয়ায় বাড়িতে না উঠে তার নানা শহিদুল ইসলামের সুগার মিল কলোনির কোয়ার্টারে আশ্রয় নেন। পালিয়ে বিয়ে করায় বাড়িতে উঠতে পারেননি বলে জানান শহিদুল।
শহিদুল ইসলামের দাবি, তিনি নিজে চিনিকল জামে মসজিদের ইমামের কক্ষে থাকেন। কলোনির কোয়ার্টারে কেউ না থাকায় নিরাপত্তার জন্য ওই তরুণীর সঙ্গে মাদরাসার একটি শিশুকেও সেখানে পাঠানো হয়।
তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাতে তাদের খাবার দিতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে জড়ো হয়ে মব সৃষ্টি করেন। এ সময় তাদের নিয়ে আপত্তিকর কথাবার্তা বলা হয় এবং একপর্যায়ে বড় অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে জোর করে তাদের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচকভাবে প্রচার করা হয়।
শহিদুল ইসলাম বলেন, বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। তিনি বলেন, ওই তরুণী তার স্বামীর কাগজপত্রের কাজ করতে পঞ্চগড়ে এসে পরিস্থিতির কারণে তার বাসায় আশ্রয় নিয়েছিলেন। রাতে তাকে খাবার দিতে গেলে কয়েকজন ব্যক্তি এসে আপত্তিকর কথাবার্তা ও ছবি তোলা শুরু করেন। একপর্যায়ে তাকে ছাদে নিয়ে টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তার নাতনিকে জড়িয়ে নেতিবাচক কথা ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন শহিদুল।
ওই তরুণী অভিযোগ করেন, পালিয়ে বিয়ে করায় তিনি বাড়িতে যেতে পারেননি। তাই নানার বাসায় আশ্রয় নিয়েছিলেন। রাতে নানা খাবার দিতে এলে কয়েকজন সেখানে এসে আপত্তিকর কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে তার ওড়না খুলে ফেলা এবং জোর করে ছবি তোলার অভিযোগ করেন তিনি। পরে ওই ছবি বেআইনিভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে বলেন, এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ওই তরুণীর স্বামীও।
এর আগে, গত মঙ্গলবার রাতে পঞ্চগড় সুগার মিল কলোনিতে সুগার মিল জামে মসজিদের খতিব শহিদুল ইসলাম ও এক তরুণীকে আটকের খবর প্রকাশ হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পঞ্চগড় সদর থানা পুলিশ শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে পাঠায়। পরে ওই মামলায় আদালত থেকে জামিন পান তিনি।
পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, স্থানীয়রা শহিদুল ইসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি ‘মবের’ শিকার হয়েছেন—এমন কোনো অভিযোগ পুলিশ পায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]