
টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ সময় তার আট বছর বয়সী মেয়ে সিদরাতুলকেও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । পরে মা আকলিমা বেগম আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানিয়েছে পরিবার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সখীপুর থানা-পুলিশ আকলিমাকে হেফাজতে নেয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের সন্তান না হওয়ায় তিনি চার বছরের এক মেয়েসহ আকলিমা বেগমকে বিয়ে করেন। পরে আকলিমার ঘরে আশরাফুলের জন্ম হয়। শিশুটির বয়স প্রায় ৪০ দিন হলে আকলিমা তাকে প্রথম স্ত্রী নাসিমা আক্তারের কাছে রেখে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। এরপর নাসিমার কাছেই বড় হতে থাকে আশরাফুল।
স্থানীয়দের ভাষ্য, আশরাফুল নাসিমা আক্তারকে বড় মা এবং আকলিমা বেগমকে আন্টি বলে ডাকত। এ বিষয়টি নিয়ে পারিবারিকভাবে অসন্তোষ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে আকলিমা তাঁর ছেলে আশরাফুল ও মেয়ে সিদরাতুলকে ছুরিকাঘাত করেন। এতে আশরাফুল গুরুতর আহত হয়। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিদরাতুলও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে স্থানীয়রা তাকে বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখেন। বৃহস্পতিবার সকালে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
শিশুটির বাবা শাহিন মিয়া বলেন, প্রায় ৩০ বছর পর আল্লাহ আমাকে একটি পুত্রসন্তান দান করেছিলেন। সেই সন্তানকে আমার দ্বিতীয় স্ত্রী এভাবে হত্যা করেছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। শুধু আমার সন্তানই নয়, আকলিমার আগের ঘরের মেয়ে সিদরাতুলকেও গুরুতর আহত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল এবং তার মরদেহ সেখানেই রয়েছে। নিরাপত্তা ও চিকিৎসার স্বার্থে শিশুটির মাকে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]